আন্তর্জাতিক ৫ আগস্ট, ২০১৯ ০৯:০১

কাশ্মীর নিয়ে উত্তেজনা তুঙ্গে, বাড়তি সেনা মোতায়ন

আন্তর্জাতিক ডেস্ক।।

কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সরকার। সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ঘোষণা দেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। আর ঘোষণার পর বিক্ষোভ দমনে আরও ১০ হাজার আধাসামরিক সেনা পাঠানো হচ্ছে।

নতুন করে আধাসামরিক বাহিনী পাঠানোর পর বাড়তি সেনার সংখ্যা গিয়ে দাড়ালো ৩৫ হাজার।

এছাড়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী এবং বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে সরকার। কেন না যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে তুমুল জল্পনা কল্পনার মাঝে নিরাপত্তাসংক্রান্ত বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রোববার সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ডেকেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় গোয়েন্দাপ্রধান অরবিন্দ কুমার, রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইংয়ের (র) সামন্ত গোয়েল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গউবাকে। যদিও বৈঠক নিয়ে সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও এটা স্পষ্ট, কাশ্মীর পরিস্থিতিই ছিল আলোচনার মুখ্য বিষয়।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, অমরনাথ যাত্রীদের কীভাবে নিরাপদে দ্রুত ফিরিয়ে আনা যায়, অন্য বিষয়ের মধ্যে তা আলোচিত হয়। এর আগে গত সপ্তাহে একেবারে আচমকাই বন্ধ করে দেওয়া হয় আমরনাথ যাত্রা। ১৯৯০ সাল থেকে কাশ্মীরে সন্ত্রাসবাদী উৎপাত শুরু হওয়ার পর থেকে এই প্রথম অমরনাথ যাত্রা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। 

শোনা যাচ্ছে, সংসদের অধিবেশন শেষ হলে অমিত শাহ দু-তিন দিনের জন্য কাশ্মীর যাবেন। নির্দেশ দেওয়া হয় যাত্রীদের অবিলম্বে উপত্যকা ছেড়ে চলে যাওয়ার। 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার টুইট করে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবিও তিনি জানান।