আন্তর্জাতিক ২২ অক্টোবর, ২০১৯ ১০:১৩

জাপানে সিংহাসনে বসলেন নারুহিতো; সম্রাজ্ঞী হলেন মাসাকো

আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানের ১২৬তম সম্রাট হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেছেন নারুহিতো। সম্রাট নারুহিতোর সঙ্গে সম্রাজ্ঞী মাসাকোর অভিষেকও হয়েছে। এ উপলক্ষে টোকিওতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো স্বাস্থ্যহানির কারণ দেখিয়ে জাপানের ইতিহাসে প্রথমবারের মত সিংহাসন ছাড়েন। এরপর গত ১ মে সম্রাট নির্বাচিত হন ৫৯ বছর বয়সী নারুহিতো।

রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজা-রানিরা।

জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও গেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাপান সরকারের আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় টোকিওর হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান রাষ্ট্রপতি।

এ মুহূর্তে টাইফুন হাগিবিসের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপান। টাইফুনের আঘাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রাজ্যাভিষেকের অনুষ্ঠান হওয়ায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে প্যারেড অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।