আমাদের কাগজ ডেস্কঃ করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ৫ তৈরিতে সহায়তাকারী ও এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জ্যেষ্ঠ গবেষক আন্দ্রে বটিকভকে খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি, উত্তরপশ্চিম মস্কোতে নিজ অ্যাপার্টমেন্টে বেল্ট দিয়ে আন্দ্রেকে শ্বাসরোধে করে হত্যা করা হয় বলে বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাওয়া গেছে।
শনিবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে নিজ অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়। এই বিজ্ঞানীকে খুনের দায়ে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ইতিমধ্যে আসল খুনিকে ধরতে রাশিয়ার তদন্তকারী কমিটি এই খুনের বিষয়ে তদন্ত শুরু করেছে।
তদন্তকারী কমিটি বলছে, তারা সম্ভাব্য সবচেয়ে কম সময়ে সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে। তিনি ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিলেন। জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজন অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে কমিটি। কমিটি আরও জানিয়েছে, ভয়াবহ আরেকটি অপরাধের দায়ে এই আসামি অভিযুক্ত।
আন্দ্রে বটিকভ ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জ্যেষ্ঠ একজন গবেষক ছিলেন। ২০২০ সালে করোনা ভাইরাসের স্পুটনিক ৫ টিকা তৈরিতে কাজ করা ১৮ জনের একজন তিনি।
আমাদের কাগজ/এমটি



















