আমাদের কাগজ ডেস্কঃ ঘণ কুয়াশার কারনে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও আন্যটি ডুবে গেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ডুবন্ত জাহাজটি থেকে ৯ ক্রুকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকায় হুগলি নদীতে সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানা যায়, দুর্ঘটনায় মাঝ নদীতেই ডুবতে শুরু করে ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি। একটি জাহাজ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। আরেকটি ভারত থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে আসছিল। পরে জাহাজটিকে নদীর কিনারার কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হন নাবিকেরা।
তবে, এতে শেষরক্ষা হয়নি। ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। ইতোমধ্যে জাহাজটির প্রায় ৯০ শতাংশ নদীতে তলিয়ে গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় ভিড় করতে শুরু করে স্থানীয়রা।
ডুবে যাওয়া জাহাজের কর্মী পুলক কুমার মন্ডল জানান, আমরা যাচ্ছিলাম বাঁ দিক থেকে। অপর জাহাজটি আমাদের জাহাজে ধাক্কা মেরেছে। এ সময় একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। শুধুমাত্র কুয়াশার কারণেই যে দুর্ঘটনা ঘটে এ কথা তিনি মানতে নারাজ। তার অভিযোগ অপর জাহাজটি সঠিক নির্দেশনা মানছিল না।
দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আমাদের কাগজ/এমটি



















