আন্তর্জাতিক ৮ জানুয়ারি, ২০২৩ ১০:১৬

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল তরুনী  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ হরহামেশা আমরা অনলাইন থেকে কেনাকাটা থেকে শুরু করে পছন্দের খাবার কিনতে বেশি পছন্দ করি। ঘরে বসে রেডিমেড খাবার পেলে কেইবা দোকানে কিনতে যাবে অথবা হাত পুড়িয়ে রান্না করতে চাইবে। সম্প্রতি অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন ভারতের কেরালা রাজ্যের ২০ বছর বয়সী এক তরুণী। অর্ডারের সেই বিরিয়ানি খেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 

দেশটির বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে জানা যায়, রাজ্যটির স্থানীয় এক হোটেল ‘রোমানশিয়া’ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী নামের ওই তরুণী। এর পর সেই খাবার খাওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

কেরালার পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, কেরালার কাসারগোডের নিকটে পেরুমবালায় এলাকায় বসবাস করতেন অঞ্জু শ্রীপার্বতী। গত ৩১ ডিসেম্বর তিনি কাসারগোডের রোমানশিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে ‘কুঝিমান্থি’ বিরিয়ানি অর্ডার করেছিলেন। পরে সেই খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(৭ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমে মন্ত্রী জানান, খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে তদন্ত করে দেখতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুসারে অভিযুক্ত হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের কাগজ/এম টি