আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২২ ১০:৩৮

আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে হামলা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলা হয়েছে। শুক্রবারের এই বন্দুক হামলায় পাকিস্তানি এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, মিশন প্রধানকে হত্যা করতে এই হামলা চালানো হয়েছে। তিনি সুস্থ আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের দূতাবাসে হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হলো। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে বৈঠক করেন দুই দেশের কর্মকর্তা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কাবুলে পাকিস্তানের দূতাবাস কম্পাউন্ড আজ (শুক্রবার) হামলার শিকার হয়েছে। নিশানা ছিলেন মিশন প্রধান উবাইদ-উর-রেহমান নিজামানি।”“নিজামানি নিরাপদে আছেন। তবে পাকিস্তানের একজন নিরাপত্তারক্ষী ইসরার মোহাম্মদ রাষ্ট্রদূতকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন,” বলে জানানো হয় বিবৃতিতে।

গত মাসে কাবুল যোগ দেন নিজামানি। ২০২১ সালের আগস্টে কট্টর ইসলামপন্থী তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে যে কয়টি দূতাবাস চালু রয়েছে পাকিস্তানের মিশন সেগুলোর একটি।

হামলার ঘটনাটি সম্পর্কে সরাসরি জনেন এমন দুইজন বলেছেন, কাছের একটি ভবন থেকে দূতাবাস প্রাঙ্গণকে নিশানা করে গুলিবর্ষণ করা হয়। কয়জন বন্দুকধারী ছিল এবং তারা ধরা পড়েছে কিনা তা জানা যায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ কামনা করেছেন।

 

আমাদের কাগজ//টিএ