আন্তর্জাতিক ২৫ নভেম্বর, ২০২২ ১২:৪৬

একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে ৪৯ জনের মৃত্যুদণ্ড

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ একজনকে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আলজেরিয়ার একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের গত বছর এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 
তবে এই শাস্তি কমিয়ে আজীবন কারাদণ্ড হতে পারে।

গত বছর আলজেরিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে। এতে ৯০ জনের প্রাণহানি ঘটে।

 

অগ্নিদগ্ধদের বাঁচাতে গিয়েছিলেন ভুক্তভোগী জামেল বিন ইসমাইল। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার জন্য দণ্ডপ্রাপ্ত এসব আসামি ভুলভাবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে। 

বিবিসির প্রতিবেদন বলছে, আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন জামেল।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের আগস্টে দাবানল ছড়িয়ে পড়ার পর একটি টুইট করেন ৩৮ বছর বয়সি জামেল বেন ইসমাইল। সেখানে তিনি বলেন, কাবিলি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সহায়তা করতে তিনি তার বাড়ি থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে যাবেন। বস্তুত রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত ওই অঞ্চলটিই ছিল দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

তবে কাবিলি অঞ্চল থেকে নিজের এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। সেসময় স্থানীয়রা দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন।

এই ঘটনা ও ভিডিওগুলো আলজেরিয়ায় ব্যাপক ক্ষোভের কারণ হয়েছিল।

কিন্তু নিহত বেন ইসমাইলের ভাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হামলার ভিডিও ফুটেজ মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। কারণ তাদের মা এখনও জানেন না কিভাবে তার ছেলে মারা গেছে।

তার বাবা নুরদ্দীন বেন ইসমাইল বলেছেন, তিনি ‘বিধ্বস্ত’। তার ভাষায়, ‘আমার ছেলে দাবানল মোকাবিলায় সাহায্য করার জন্য কাবিলি গিয়েছিল। এই অঞ্চলটি তার পছন্দের ছিল। কিন্তু তারা তাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে। ’

রাষ্ট্রীয় বার্তাসংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বেন ইসমাইলকে হত্যা সম্পর্কিত অন্যান্য অপরাধের জন্য আদালত আরও ২৮ জনকে দুই থেকে ১০ বছরের মধ্যে কারাদণ্ড দিয়েছেন।


আমাদের কাগজ/এম টি