আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের কাশ্মীর প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বলতে যা বোঝায়, কাশ্মীরে তা এখন বিপন্ন। ব্রিটিশ পার্লামেন্টে তিনি ওই মন্তব্য করেছেন।
এছাড়াও তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সমাজের একটা সার্বিক দায়িত্ব আছে। আমরা অবশ্যই পরিস্থিতি খতিয়ে দেখব এবং অধিকারগুলো রক্ষিত হচ্ছে কি না, সেদিকে নজর রাখব।’
তাঁর মতে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও শিমলা চুক্তি মেনে সেই সমস্যা তাদেরই মেটাতে হবে। কিন্তু কাশ্মীরের মানবাধিকারের বিষয়টি আন্তর্জাতিক।
পার্লামেন্টে লেবার, কনজারভেটিভ, এসএনপি এমপি’রা কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পরে উপত্যকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হন। লেবার এমপি হিউ গ্যাফনি বলেন, কাশ্মীরে ওষুধের সঞ্চয় কমছে। হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। উপত্যকায় ৯০ শতাংশের বেশি ওষুধপত্র আসে ভারতের মূল ভূখণ্ড থেকে।



















