আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২০ ০৩:৫১

চীনের সাথে যে চুক্তি যাচ্ছে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রথম ধাপের বাণিজ্যচুক্তি বাতিল হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নিষেধাজ্ঞাগুলো আপাতত তুলে নেয়ার পরিকল্পনা নেই এ ডেমোক্র্যাট নেতা। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। খবর ফক্স বিজনেস'র।

বাইডেন বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কংগ্রেসে একটি উদার প্রণোদনা প্যাকেজ পাস করানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি, ক্ষমতায় বসার আগেই এটি পেতে আগ্রহী তিনি।

তবে নিউইয়র্ক টাইমসকে জো বাইডেন বলেছেন, আমি তাৎক্ষণিক কোনও পদক্ষেপ নেব না। সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কৌশলগুলো সংস্কারে যাব না।

চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও ভালোভাবে লড়তে গবেষণা, উন্নয়ন, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারি বিনিয়োগে নজর এবং দেশের ভেতর দ্বিপক্ষীয় ঐকমত্য আবশ্যক বলেও মন্তব্য করেন জো বাইডেন।

তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই যে, আমরা ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়ে কঠিনভাবে লড়ব। এ ডেমোক্র্যাট নেতার কথায়, ‘চীন বিষযে সেরা নীতি হচ্ছে, আমাদের সব মিত্র- অন্তত যারা একসময়ে ছিল- তাদের সবাইকে একসঙ্গে পাওয়া।’