আন্তর্জাতিক ১৭ নভেম্বর, ২০২০ ০৮:৩৩

মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের সুখবর দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

দেশের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের নতুন এক সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি এক টুইটে তিনি জানান, দেশের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার পাশাপাশি আরো সুযোগ সুবিধা দিবেন। এখন শুধু তাঁর ক্ষমতা গ্রহণের অপেক্ষা।

আজকের সেই টুইটে বাইডেন বলেন, ক্ষমতা গ্রহণের পরে দেশের মধ্যবিত্ত শ্রেণিদের ভালো রাখতে ন্যূনতম মজুরির সীমা ১৫ ডলারের উন্নীত করার পাশাপাশি সুযোগ-সুবিধা এবং মানুষের অধিকার নিয়ে কাজ করব।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, জো বাইডেনের অর্থনৈতিক নীতিমালার স্লোগান-‘বিল্ড ব্যাক বেটার’। নির্বাচনী প্রচারের সময় জো বাইডেন দেশের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া করোনাভাইরাসের তাৎক্ষণিক ধাক্কা সামাল দিতে যত অর্থের প্রয়োজন তত অর্থ খরচ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। যার ভিতরে ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা হিসেবে প্রতি মাসে ২০০ ডলার দেবার প্রস্তাবের সাথে শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলার ঋণ মওকুফের প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আট বছর আগে ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৫ ডলার করার দাবি ওঠে। তখন নিউইয়র্কে রেস্তোরাঁর কর্মীরা মজুরি বৃদ্ধি এবং একটি ইউনিয়ন গঠনের দাবিতে ধর্মঘট করে। সারা দেশের কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। পরে নিউইয়র্কসহ বেশ কিছু অঙ্গরাজ্যে নানা শর্তে ধাপে ধাপে ন্যূনতম মজুরি ১৫ ডলারে উন্নীত করা হয়।

২০১৯ সালে ১১ জনের বেশি কর্মী রয়েছেন এমন প্রতিষ্ঠানের কর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার করে নিউইয়র্ক কর্তৃপক্ষ। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই নিম্ন আয়ের মানুষ উচ্ছ্বসিত হয়। দেশের সব অঙ্গরাজ্য ও সব খাতে ন্যূনতম মজুরি ১৫ ডলারে উন্নীত করা হয়নি ফলে চাপা ক্ষোভ ও অসন্তোষও ছিল শ্রমিকদের ভেতর। বাইডেনের এই ঘোষণা বাস্তবায়নে স্বস্তি ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা।