আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০২০ ১০:০১

ইথিওপিয়ায় আটকে আছে ১০৪ বাংলাদেশি শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে আটকে থাকা ১০৪ বাংলাদেশি শ্রমিককে অন্যত্র সরিয়ে নিতে ইথিওপিয়ান সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের একটি গার্মেন্ট কোম্পানি।

ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, আমাদের কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য আমাদের শ্রমিকদের সহায়তার প্রয়োজন।

তিনি বলেন, আমাদের কর্মীরা এখন নিরাপদে আছেন। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

ট্রাইগ্রের পরিস্থিতি দিন দিন অস্থিতিশীল হচ্ছে। এছাড়া সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নেয়ার জন্য আমরা ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। প্রাথমিকভাবে তাদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের চেষ্টা করছে বলে জানান এই কূটনীতিক।