আন্তর্জাতিক ডেস্ক
করোনা প্রতিরোধে তাদের স্পুটনিক-৫ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করছে রাশিয়া। আজ বুধবার দেশটির সার্বভৌম সম্পদ তহবিল জানিয়েছে ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফলে এই তথ্য পাওয়া গেছে।
চলতি সপ্তাহে মার্কিন ওষুধপ্রস্ততকারক কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে জানানো হয়।
বিশ্বে সবার আগে রাশিয়ায় গত আগস্টে জনসাধারণের ব্যবহারের জন্য গামালিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনের নিবন্ধন দেয়া হয়। যদিও ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে শেষ ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হয়।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, আমরা তথ্য-উপাত্তে দেখছি, আমাদের খুবই কার্যকর একটি ভ্যাকসিন রয়েছে। তিনি বলেন, এটি এমন এক ধরনের সংবাদ; যা একদিন ভ্যাকসিনের প্রস্তুতকারকরা তাদের নাতি-নাতনিদের সঙ্গে গল্প করবেন।
আরডিআইএফ বলছে, গামালিয়া ইনস্টিটিউটের ভ্যাকসিনটি ১৬ হাজার স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছিল। দুটি করে ডোজ দেয়ার পর অন্তর্বর্তীকালীন ফলাফলে ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। ভ্যাকসিনটি তৈরি ও বিশ্বজুড়ে বাজারজাতকরণের জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে রাশিয়ার এই সংস্থা।
সূত্র : রয়টার্স।



















