আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০২০ ১১:০৫

বিহার নির্বাচন ঘিরে চলছে জোরদার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিহার বিধানসভার শেষ দফার নির্বাচন শুরু হয়েছে আজ শনিবার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৭৮টি আসনে এক হাজার ২০৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। করোনাবিধি মেনে ভোট দেবেন দুই কোটি ৩৪ লাখ ভোটার। বিহারে ভোট গ্রহনের ১৫টি জেলার ১০টিতেই করোনা সংক্রমিত হার বেশি।

এদিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোট চলছে আজ। বিহারের সব ভোটারের কাছে অনুরোধ, আপনারা ভোট দিন। গণতন্ত্রকে মজবুত করুন। তবে করোনাবিধি মেনে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না।’

একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ভোটারদের কাছে সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বিহারের যুব সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘বিহারের উন্নয়ন এবং সুশাসনকে নিশ্চিত করতে দৃঢ়ভাবে ভোট দিন এবং অন্যদেরও ভোটদানে উৎসাহী করুন।’

বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফায় যেসব হেভিওয়েট লড়াই করছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন ছতরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মীয় নীরজ কুমার, বিহারীগঞ্জ কেন্দ্রে রয়েছেন কংগ্রেস প্রার্থী শারদ যাদবের মেয়ে সুভাষিনী শারদ যাদব। মুজফফরপুর কেন্দ্রে লড়ছেন বিহার বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাইটেড নেতা বিজয় কুমার চৌধুরী। একই কেন্দ্রে লড়ছেন বিহারের নগর উন্নয়ন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী সুরেশ কুমার শর্মা।