আমাদের কাগজ ডেস্কঃ হঠাৎ করে উধাও গ্রামীণফোনের নেটওয়ার্ক। দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।
এ বিষয়ে গ্রামীণফোনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
রাজধানীর লালবাগের বাসিন্দা ব্যবসায়ী মিশু আহম্মেদ দুপুর সাড়ে ১২টায় বলেন, ঘণ্টাখানেক ধরে গ্রামীণফোনের কোনো সংযোগ পাচ্ছি না। তিনি উল্টো জানতে চান, গ্রামীণফোনের কি কোনো সমস্যা? আপনারা সাংবাদিকরা কেউ কিছু কি জানেন?
ময়মনসিংহের বাসিন্দা হাফসা বেগমের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, অনেকক্ষণ ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কী হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংসে কোনো সমস্যা। এরপর ভাবলাম সিম নষ্ট হয়ে গেছে। পরে খোঁজ নিয়ে জানলাম গ্রামীণ সিম ব্যবহারকারী সবারই এক অবস্থা।
এদিকে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে ঠিক কী সমস্যা হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহকসেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
দুপুরে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার জানিয়েছেন, তিনটি জায়গায় ফাইবার কাটা পড়েছে। এরমধ্যে টাঙ্গাইলে দুটি জায়গায় এবং সিরাজগঞ্জে একটি জায়গায়। রাস্তা সংস্কার কাজের কারণে এমনটা ঘটেছে।
তিনি জানায়, নেটওয়ার্ক জনিত বেশি সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের গ্রাহকরা।
আমাদের কাগজ/এমটি






















