বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৬ নভেম্বর, ২০২২ ০৭:৩৫

বন্ধ হচ্ছে থ্রি-জি

আমাদের কাগজ ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে থ্রি-জি সেবা। আগামী বছরের জানুয়ারি থেকে বাংলাদেশে তৃতীয় প্রজন্মের টেলিকম সেবা থ্রি-জি আর থাকছে না। শুধু টু-জি এবং ফোর-জি সেবা সচল থাকবে।

রোববার (৬ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার বলেন, এখন থ্রি-জি সেবার প্রয়োজন নেই। এটি ইতিমধ্যে ফোর-জি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তবে ন্যূনতম নেটওয়ার্ক হিসেবে টু-জি পরিষেবা প্রয়োজন। তাই আমাদের টু-জি এবং ফোর-জি পরিষেবা থাকবে। থ্রি-জি সেট (মোবাইল ফোন বা ডিভাইস) আর উপলব্ধ বা তৈরি করা হবে না।

এর ফলে যাদের ফোনে সর্বোচ্চ থ্রি-জি রয়েছে তারা শুধু টু-জি সেবা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, একটি অপ্রচলিত প্রযুক্তি (থ্রি-জি) আমরা ব্যবহার করব কেন। বরং থ্রি-জির যেই সুযোগটা আছে, সেটা ফোর-জিতে ব্যবহৃত হবে।

এর আগে, ২০১৩ সালে দেশে থ্রি-জি সেবা চালু হয়। এর মাধ্যমে মোবাইল ফোনে টিভি দেখা এবং ভিডিও কলে কথা বলাসহ দ্রুত গতির ইন্টারনেট সেবা পেতে শুরু করেন গ্রাহকরা। পরবর্তীতে ২০১৮ সালে ফোর-জি এসে নেটওয়ার্ক ও মোবাইল ইন্টারনেটের ধারণাই পাল্টে দেয়।

আমাদেরকাগজ/এইচএম