বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৩ অক্টোবর, ২০২২ ০৮:০৪

ট্যুডে ট্যাব এ বিজ্ঞাপন দেখাবে অ্যাপল

আমাদের কাগজ ডেস্ক: আইফোনের অ্যাপ স্টোরে বিজ্ঞাপন দেখাবে অ্যাপল। বিজ্ঞাপন প্রচার করে আইফোন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারবেন বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা।

আজ রোববার(২৩ অক্টোবর) অ্যাপলের এক বার্তার বরাত দিয়ে এই তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। আগামী ২৫ অক্টোবর থেকে অ্যাপ স্টোরে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবেন অ্যাপ ডেভেলপাররা। অ্যাপ স্টোরের ‘ট্যুডে’ ট্যাব এর মধ্যে এই বিজ্ঞাপন প্রচারিত হবে।

ডেভেলপারদের উদ্দেশ্যে করে অ্যাপল জানায়, ট্যুডে ট্যাব এর মাধ্যমে আপনার অ্যাপ, অ্যাপ স্টোরের প্রথম পাতায় তুলে ধরতে পারেন। যখন ব্যবহারকারী অ্যাপ স্টোরে প্রবেশ করবেন তখন শুরুর দিকেই আপনার অ্যাপ দেখানো হবে।

অ্যাপল বিশ্লেষকরা বলছেন, বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর বিজ্ঞাপন থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে চায় অ্যাপল।

আমাদের কাগজ//জেডআই