বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৬ আগস্ট, ২০১৯ ০৯:০০

অস্ত্র এবং যৌন কাজের মতো ব্যবসায় বিতর্কে ফেসবুক

ডেস্ক রিপোর্ট।।

সোশ্যাল সাইট ফেসবুকের নীতিমালাকে ফাঁকি দিয়ে অনলাইন মার্কেটপ্লেসে পুরনো বন্দুক এবং অন্যান্য অস্ত্র বিক্রি করছে মার্কিন গ্রাহকরা। নজরদারির মধ্যে থাকলেও মাদক, অস্ত্র, প্রাণী এবং যৌন কাজের মতো ব্যবসা অবৈধ এবং এ বিষয়গুলো ঠিকঠাক তদারকি না করতে পারার ব্যার্থতার জন্য বারবারই সমালোচনার মুখে পড়েছে ফেসবুক।

বন্দুক বিক্রি নিয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘ফেসবুকে বন্দুক বিক্রি স্পষ্টভাবেই আমাদের নীতিমালা অমান্য করছে।’ যে পণ্যগুলো তাদের নীতিমালা অমান্য করছে সেগুলো তাৎক্ষণিকভাবে সরানো হবে বলেও জানান ওই মুখপাত্র।

সামাজিক মাধ্যমটির মার্কেটপ্লেসের নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, ‘অস্ত্র, গুলি বা বিস্ফোরক বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ।’ এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গ্রাহকরা মার্কেটপ্লেসে দামি বন্দুকের কেইস বা বাক্স বলে অস্ত্র বিক্রি করছে। যখন কোনো সম্ভাব্য ক্রেতা ওই কেইসের ওপর আগ্রহ দেখায় তখন তাদের ফেসবুক মেসেঞ্জারে বিক্রেতার সঙ্গে গোপনে যোগাযোগ করতে বলা হয়। আর মেসেঞ্জারেই বন্দুকের বিস্তারিত তথ্য দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে আগ্নেয়াস্ত্র ক্রেতার ব্যাকগ্রাউন্ড চেক করা বাধ্যতামূলক। ফেসবুক মার্কেটপ্লেইসে এ প্রক্রিয়া ফাঁকি দিতে পারেন গ্রাহক।

২০১৬ সালে চালু হয় ফেসবুক মার্কেটপ্লেস। গ্রাহকদের পুরনো পণ্য বিক্রি ও কেনার সুযোগ দেয়া হয় এতে। অবৈধ পণ্য বিক্রি ঠেকাতে অ্যালগরিদম এবং মানবকর্মী উভয়ের মাধ্যমেই নজরদারি করা হয়।