ডেস্ক রিপোর্ট।।
সাবেক জজ ও মুক্তিযোদ্ধাকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় তুচ্ছ কথার জের ধরে থানার ওসির সামনে চড় মেরেছে সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল। এ ঘটনায় চেয়ারম্যানেক তাৎক্ষণিক পুলিশ আটক করে হাজতখানায় রাখে।
তবে ঘণ্টাখানেক আটক রাখার পর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর জিন্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে চকরিয়া থানার ভেতরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়ার বাসিন্দা সাবেক অতিরিক্ত জেলা জজ ও মুক্তিযোদ্ধা ফেরদাউস আহমদ ব্যক্তিগত কাজে চকরিয়া থানায় যায়। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সাহারবিল ইউপি চেয়ারম্যান বসা ছিল।
মুক্তিযোদ্ধা ফেরদাউস আহমদ অভিযোগ করে জানান, তিনি সাহারবিল ইউনিয়নের রাস্তা খারাপের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান রেগে উঠে তাকে চড় মারে। এ সময় তার অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে হাজতখানায় আটক রাখে পুলিশ।
এ ব্যাপারে সাহারবিল ইউপির চেয়ারম্যান মহসিন বাবুলকে একাধিকবার ফোন করার পরও তিনি ফোন ধরেননি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি আমার সামনে হয়েছে। সাবেক জজ ও বীর মুক্তিযোদ্ধাকে চড় মারার কারণে চেয়ারম্যানকে আটক রাখা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌর মেয়রের জিন্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।





















