নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৫ বছর কারাভোগ শেষে অবশেষে অন্ধকার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফেরাতুল। কিন্তু জেলখানা থেকে তার মুক্তি মিললেও তিনি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেননা জেলে থাকাকালীন তার দুইবার স্ট্রোক হয়। ফলে তিনি স্বাভাবিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যান। অসহায় ফেরাতুলের জন্য এগিয়ে এসেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলাপ্রশাসক। ফেরাতুলকে দেওয়া হচ্ছে আর্থিক সহযোগিতা ও প্রতিবন্ধী কার্ড।
মেহেরপুর জেলাপ্রশাসকের ফেসবুক পেইজে এই বিষয়ে বিস্তারিত লিখে পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো- ‘দীর্ঘ ১৫ বছর সাজা ভোগ করে অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন ফেরাতুল। জীবনের ভুলগুলো তিনি বুঝতে পেরে বর্তমানে অনুতপ্ত তিনি। কারাগারে থাকাকালীন দুবার স্ট্রোক করেন সে। ফলে স্বাভাবিক সক্ষমতা হারিয়ে বর্তমানে প্রতিবন্ধী। স্বাভাবিক পরিবেশ মানিয়ে নিতে অপ্রস্তুত ফেরাতুলের বাবা মা মারা গেছে অনেক আগেই। একমাত্র আশ্রয় স্থল বোনের বাসা। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন এমপি ও মেহেরপুর জেলাপ্রশাসকের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর হতে ফেরাতুলকে ১২০০০ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সহযোগিতা সহ তার স্থায়ী আবাস এর ব্যবস্থার জন্য প্রচেষ্টা চলছে। মেহেরপুর জেলা প্রশাসক জানান, ফেরাতুল আমাদের সমাজেরই অংশ। মাঝে কিছুদিন পথভ্রষ্ট হয়ে অন্য জগতে গিয়েছিল। এখন এই ফেরাতুল কে আমরা সবাই মিলে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসি।’




















