সারাদেশ ১৪ আগস্ট, ২০১৯ ০৬:৩৯

জ্বীন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ইমামের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট।।

নীলফামারীর সৈয়দপুরে জ্বীন তাড়ানোর ছলে এক ইমাম অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছে নির্যাতিতা শিক্ষার্থীর পরিবার।

অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গত রোববার(১১ আগস্ট) রাতে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

অভিযোগ ওঠা ইমামের নাম সাকিব আলী (৩০)। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একটি মসজিদের ইমাম তিনি। তাঁর বাড়ি রংপুরের কোতোয়ালি থানায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অষ্টম শ্রেণির ছাত্রীর ওপর জ্বীন ভর করেছে, এমন ধারনা থেকে অই মেয়ের পরিবারের লোকজনই ইমাম সাকিব আলীকে ঝাড়ফুক দিয়ে জ্বীন তাড়ানোর অনুরোধ জানায়। ইমাম দুই দফায় ওই ছাত্রীকে ঘরে বসিয়ে ঝাড়ফুঁক দেন। এ সময় পরিবারের সদস্যদের ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য করেন সাকিব। রোববার ঘরের মধ্যে বসে ঝাড়ফুঁক দেওয়ার সময় মেয়েটি চিৎকার করে। সাথে সাথে বাড়ির লোকজন ঘরের ভেতরে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ সময় প্রতিবেশীরা সাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার দিন রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে নীলফামারীর সৈয়দপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর গত সোমবার সাকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

গতকাল মঙ্গলবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান বলেন, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইমাম সাকিব মেয়েটিকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।