সারাদেশ ১৮ নভেম্বর, ২০১৯ ০৬:২০

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট।। 

শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ ১৮ নভেম্বর, সোমবার ভোরের দিকে জেলার শ্রীবর্দী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অপর এক যুবকও আহত হয়েছেন।

জানা গেছে, নিহত উকিল মিয়া (১৯) উপজেলার মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে। আহত যুবকের নাম সুমন মিয়া। তারা দু’জন আরো কয়েক যুবকের সাথে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েন। এসময় বিএসএফ সদস্যরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই।

তিনি জানান, কয়েকজন বাংলাদেশি যুবক গরুকে ঘাস খাওয়ানোর জন্য উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নম্বর পিলারের কাছে পানবাড়ি এলাকায় যান। তারা ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় ঢুকে পড়লে বিএসএফ তাদের উপর গুলি চালায়। 

আহত অবস্থায় উকিল ও সুমন বাংলাদেশের সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনার পথে মারা যান উকিল মিয়া। আহত সুমনকে চিকিৎসার জন্য শ্রীবর্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এ ঘটনায় দুপুরে বিএসএফের সাথে পতাকা বৈঠকে বসবে বিজিবি।