সারাদেশ ৯ আগস্ট, ২০১৯ ০৫:২৮

ঈদযাত্রা : সড়কে তীব্র যানজট, ট্রেনে শিডিউল বিপর্যয়

ডেস্ক রিপোর্ট।। 

ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটে চলে তার আপন কাছের মানুষের কাছে। সেই আনন্দের যাত্রায় দুর্ভোগের যেন শেষ নেই। প্রতি বছর দেখা যায় এই একই দৃশ্য। তবে চিরচেনা যানজটের সাথে এবার যুক্ত হয়েছে বৃষ্টি ও জলাবদ্ধতা। এতে করে সড়ক ও রেল পথে ঘরমুখো মানুষের ভোগান্তি আরো বেড়েছে।

বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ঢল নামে রেলস্টেশন ও বাস টার্মিনালে। ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকে অফিসে হাজিরা দিয়েই ছোটেন রেল ও বাস টার্মিনালে। সমকাল’র এক প্রতিবেদনে এই চিত্র উঠে আসে।

মূলত নিম্নচাপের প্রভাবে গত বুধবার (৭ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে ঢাকায়।  এতে করে রাজধানীর অনেক সড়ক তলিয়ে গেছে। তাই বৃষ্টির কারণে এই দিনটিতে তাদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেননি। ট্রেনের মতো বাসের সময়সূচিতেও বিপর্যয় ঘটেছে।

ওই দিন দুপুর ২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বরে দেখা যায়, সড়কে হাঁটুপানি। পানিতে তলিয়ে থাকা সড়কে গাড়ির সারি। একই অবস্থা ছিল তেজগাঁওয়ে। মহাখালী টার্মিনালে ঈদযাত্রার বাস ও যাত্রীদের চাপে তেজগাঁও সাতরাস্তা থেকে বনানী পর্যন্ত দিনভর ছিল তীব্র যানজট।

শ্যামলীর কলেজ রোডে শ্যামলী এসআর পরিবহনের যাত্রী আয়তুল্লাহ খোমেনীর জানান, দুপুর ২টায় বাস ছাড়ার কথা ছিল। কাউন্টারে এসে জানতে পারেন, ৪টায় ছাড়বে। নির্ধারিত সময়ে কাউন্টারে আসতে তাকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

তিনি আরো জানান, হাজারীবাগের মনেশ্বর রোড থেকে ৪০০ টাকায় অটোরিকশা ভাড়া করে শ্যামলী এসেছেন। জিগাতলা ও ধানমণ্ডি ২৭ নম্বরে হাঁটুপানি। কোনো অটোরিকশা আসতে রাজি হয় না। পানির কারণে, উবারের কোনো গাড়িও জিগাতলা থেকে নিতে রাজি হয়নি। হাজারীবাগ থেকে শ্যামলী যেতে দুই ঘণ্টা লেগেছে।