সারাদেশ ২ জুন, ২০২৬ ১০:১৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন– যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেটকারের চালক (২৫)।
আহতরা হলো– আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। মালিগ্রাম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সেটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকিব নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, ‘প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।