ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেলে ট্রাকের চাপায় তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের নাম পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।





















