সারাদেশ ১২ মে, ২০২৬ ০৭:১৩

আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে দুই সন্তান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পী নামের এক নারীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার আড়াই বছরের শিশুকেও। এদিকে, জেলগেটে দাঁড়িয়ে থাকা তার স্কুলপড়ুয়া দুই সন্তান মায়ের অপেক্ষায় ছিল—এমন দৃশ্যই ধরা পড়ে সোমবার (১১ মে) বিকালে লক্ষ্মীপুর জেলা কারাগারে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের পেশকার দেলোয়ার হোসেন বলেন, “সিআর মামলায় আসামি শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ আদেশ দেন। আমরা আসামিদের আদালতের পুলিশ হাজতে দিয়েছি। পরে শিশুটিকে কারাগারে নেওয়া হয়েছে নাকি বাসায় রাখা হয়েছে, তা জানি না।” আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন জানান, প্রিজনভ্যানের ভেতর মায়ের কোলে থাকা শিশুসহ শিল্পীকে কারাগারে নেওয়া হয়েছে। তার অন্য দুই সন্তান—একজন পঞ্চম শ্রেণি ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী—জেলগেটে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল। তিনি আরও জানান, দুই শিশুর পরীক্ষা চলমান। আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে শিল্পীর বিরুদ্ধে লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করার অভিযোগ আনা হয়। এতে মাথা ফেটে মগজ বের হয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল। তবে চিকিৎসা সনদে সাধারণ জখমের কথা উল্লেখ রয়েছে। এরপরও আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সঙ্গে দুধের শিশুও এখন কারাগারে রয়েছে বলে জানান তিনি। লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “আড়াই বছরের শিশুসহ মা শিল্পীকে কারাগারে আনা হয়েছে।” মামলার নথি অনুযায়ী, ১৫ এপ্রিল সাহাপুর এলাকায় হামলার ঘটনায় বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা করেন। এতে প্রতিবেশী শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়।