রাজশাহী প্রতিনিধি
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ বাড়ায় ছোট হতে শুরু করেছে ক্রেতাদের দীর্ঘ লাইন, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে। কয়েক দিন আগেও এক লিটার তেল পাওয়া ছিল অনেকটা সৌভাগ্যের বিষয়। আগের সেই অপেক্ষা এখন কমে এসেছে।
বুধবার (২২ এপ্রিল) রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোলপাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে ডিজেলের জন্য বাসকে অপেক্ষা করতে দেখা গেলেও তা ঘণ্টাখানেকের জন্য। রাস্তাজুড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইনও কমে এসেছে। পরিস্থিতি এখন দ্রুত বদলাচ্ছে।
রাজশাহী নগরীর গুলগফুর পেট্রোল পাম্পে হেতেমখাঁ থেকে তেল নিতে এসেছেন ব্যবসায়ী রহমত আলী। তিনি বলেন, ‘আগে সারারাত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন সকালে আসলে ঘণ্টাখানেক দাঁড়ালে তেল পাওয়া যাচ্ছে। আগে অল্প পরিমাণ তেল দেওয়ার কারণে কিছু অসাধু ব্যক্তি তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করতো। কিন্তু এখন পর্যাপ্ত সরবরাহ থাকায় সেই সুযোগ আর নেই। এভাবে চলতে থাকলে আগামীকাল থেকেই হয়তো আর লাইনে দাঁড়াতে হবে না।’
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগ আলী বলেন, ‘আগের তুলনায় এখন সিরিয়াল অনেক কমে এসেছে। আমি মাত্র আধা ঘণ্টার মধ্যেই পাম্প থেকে তেল নিতে পেরেছি।’
নগরীর খড়বোনা এলাকায় একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের রাইডার বিপ্লব খান বলেন, ‘আগে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। আর এখন দাম বাড়ার পর তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিক্ষণ তেলের জন্য পাম্পের সামনে অপেক্ষা করতে হয় না। এতে কিছুটা হলেও ভোগান্তি কমেছে।’
রাজশাহী নগরীর হাবিব পেট্রোলপাম্পের ব্যবস্থাপক রাকিব হোসেন বলেন, ‘আমরা আগের তুলনায় তেল বেশি পাচ্ছি। গত কয়েক দিনের তুলনায় জ্বালানির সরবরাহ অনেকটাই বেড়েছে, তেলের পরিমাণও আগের চেয়ে বেশি। সরকারের পক্ষ থেকেও কাস্টমারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা আসছে।’ড





















