সারাদেশ ১৮ ডিসেম্বর, ২০২৩ ০১:৪২

কক্সবাজারে উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

আমাদের কাগজ ডেস্ক: কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নতুন বছর উদযাপন উপলক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন। এসময় সৈকত এলাকায় গান-বাজনা বা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জানায় পুলিশ।এমনকি হোটেলের ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে।

আজ সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে সৈকত এলাকায় পর্যটক হয়রানি বন্ধে অভিযানে এসে এসব কথা জানান টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, সৈকত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দারাও পর্যটক কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে। সৈকত এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। নেশাগ্রস্ত অবস্থায় যাতে কোনো চালক গাড়ি চালাতে না পারে সেজন্য সন্দেহজনকদের ব্রিথিং টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া, সড়কের চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি চালানো হবে। যাতে কেউ নাশকতা চালতে না পারে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় থার্টি-ফার্স্ট নাইটের অংশ হিসেবে সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজন করা যাবে না। একইভাবে ইনডোরে কোনো আয়োজন করলে আমাদের অনুমতি নিতে হবে। 

নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানা তিনি।