সারাদেশ ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:৪৮

১২ দিন বন্ধ থাকবে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ  

আমাদের কাগজ ডেস্ক: মহান বিজয় দিবস উদযাপন ঘিরে এখনি চলছে নানা প্রস্তুতি। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের কথা মাথায় রেখে আগামী ১২ দিন সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। গতকাল রোববার (৩ ডিসেম্বর) স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ প্রদর্শন করা হয়।

এ আদেশ দেওয়া হয় গণপূর্ত বিভাগ থেকে। এ সময় প্রতিষ্ঠানটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করা হবে। এ লক্ষ্যে সোমবার (৪ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

নোটিশের সত্যতা নিশ্চিত করে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন বিজয় দিবসে। এ জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

বিজয়ের মাস। আবেগ আর অনুভূতির স্থান সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবস উদযাপন ঘিরে প্রস্তুতি নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের উন্মুক্ত করা হবে।

আমাদরেকাগজ/এমটি