সারাদেশ ৬ অক্টোবর, ২০১৯ ০৯:০১

পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট ।।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিউটি বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার উত্তর পৈকখালী গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রবিবার (৬ অক্টোবর) নিহতের স্বামী ফিরোজ আলমসহ তিনজনকে আটক করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর সঙ্গে বাইরে টয়লেটের উদ্দ্যেশে বের হন বিউটি বেগম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ধারালো অস্ত্রধারী কয়েকজন দূর্বৃত্ত গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

এসময় সাথে থাকা স্বামী ফিরোজ হাওলাদার প্রাণ ভয়ে পালিয়ে যান। তিনি অক্ষত অবস্থায় দৌড়ে ঘরে প্রবেশ করে দরোজা বন্ধ করে দেন। সন্ত্রাসীরা গৃহবধূ বিউটি বেগমকে এলোপাথারি কুপিয়ে হত্যা নিশ্চিত করে মরদেহ ঘরের সামনের সিঁড়িতে ফেলে রেখে নির্বিঘ্নে চলে যায়।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ননদ লিপি বেগম জানান, তার ভাই (নিহতের স্বামী) ফিরোজ আলমের সাথে তার প্রতিবেশী আল আমীন হাওলাদার, আলম হাওলাদার ও টিপু হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। ফিরোজ উক্ত মামলায় হাজিরা দিতে ৪ দিন পূর্বে ঢাকা থেকে বাড়িতে আসেন। প্রতিপক্ষ সন্ত্রাসীরা ফিরোজকেও হত্যা করতে চেয়েছিল।

ইতিপূর্বে প্রতিপক্ষরা তাদের ভাইয়ের মেয়ে (ফিরোজ হাওলাদার এর মেয়ে) আখি বেগমকে কুপিয়ে কিছুদিন আগে জখম করেছিল। সে এখনও অসুস্থ। মেয়ের ক্ষত শুকাতে না শুকাতে মেয়ের মাকে নির্মমভাবে হত্যা করল সন্ত্রাসীরা।

এ বিষয়ে থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে এখনি কোনো মন্তব্য করা ঠিক হবে না। পারিবারিক বা জমি সংক্রান্ত বিরোধে ওই গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্বামী ফিরোজ আলম হাওলাদারসহ দুই প্রতিবেশী আল আমীন হাওলাদার (৩২) ও আলম হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ।