সারাদেশ ২৭ জুলাই, ২০২৩ ১০:৫৮

প্রেমিককে আটকে রেখে পার্কের ভেতরে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে ওই পার্কের ভেতরে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে মো. ইউসুফ (২৮)। তিনি অটোভ্যানচালক।

জানা যায়, বুধবার দুপুরে প্রেমিকের সঙ্গে ওই স্কুলছাত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পিকনিক পার্কের ভেতরে ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে ইউসুফ পার্কের ভেতরে প্রবেশ করে তার প্রেমিককে জঙ্গলের ভেতরে আটকে রেখে বেধড়ক মারপিট ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রী ডাক-চিৎকার করলে পার্কের ভেতরে কাজে নিয়োজিত থাকা ও আশ-পাশে থাকা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে। 

এ বিষয়টি টের পেয়ে বখাটে ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে ইউসুফসহ তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।

পরিদর্শক মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউসুফসহ ওই দুজনকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে স্কুলছাত্রী এখন পর্যন্ত কোনো ধরণের অভিযোগ করেনি।

আমাদেরকাগজ/এমটি