সারাদেশ ১০ জুলাই, ২০২৩ ০১:০৯

বাবা-মাকে গালাগালি করায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে অভিযুক্ত জামাতা সেলিম মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চুনারুঘাট ও মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ভূক্তভোগী নিহত নূর আলম (৪৯) ওই উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিমের সঙ্গে চার বছর আগে নূর আলমের মেয়ে লাইজু বেগমকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে সেলিমের প্রায়ই কলহ হতো। গত ২ জুলাই ফের সেলিমের স্ত্রী লাইজুর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রীকে মারপিট করে। পরবর্তীতে স্ত্রী লাইজু চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে ওই ঘটনায় শ্বশুর নূর আলম জামাতার পরিবারের লোকজন ও বাবা-মাকে গালিগালাজ করে। সংবাদ পেয়ে রোববার সেলিম রাতে শ্বশুর বাড়িতে যান। পরে সেখানে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেলিম ধারালো ছুরি নিয়ে শ্বশুরকে উপর্যুপরি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, রোববার রাতে নূর আলমের শরীরে তার জামাতা ছুরি দিয়ে আটটি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টার দিকে ঘাতক জামাতা সেলিমকে শাহজীবাজার রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি