আমাদের কাগজ রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। এতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ১০ কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি। কবিরপুর থেকে বাইপাইল পৌঁছতে সময় লাগছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। যেখানে স্বাভাবিক সময়ে লাগে ১৫ মিনিট।
আরাফাত হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমরা বগুড়া থেকে আশুলিয়ার উদ্দেশে রওনা করি। সড়কের বিভিন্ন স্থানে যানজটে পড়তে হয়েছে। চন্দ্রা থেকে বাইপাইলের যানজট ব্যাপক ভোগান্তিতে ফেলে দেয়। আমাদের বাইপাইল পৌঁছতে ৪ ঘণ্টা সময় লেগেছে।’
পোশাকশ্রমিক জাহানারা বেগম বলেন, ‘আমরা চন্দ্রা থেকে যানজটে পড়েছি। বাইপাইল পৌঁছতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। শুধু ঢাকামুখী লেনে এই যানজট। এখনও যানজট রয়েছে। শেষ বেলায় এসে যানজট ও প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হলো।’
ঠিকানা পরিবহনের রিজার্ভ বাসচালক হানজালা বলেন, ’উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ ও টাঙ্গাইলে যানজটে পড়তে হয়েছে। যানজটে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। বাইপাইল আসতে সময় লাগল তিন ঘণ্টা।’
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি। আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই যানজট নিরসন হবে।’
আমাদের কাগজ/টিআর



















