আমাদের কাগজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রায় ১২ জন আহতের ঘটনা ঘটেছে।সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১২টায় ওই মহাসড়কের কিঁচক ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা কুলছুম বেগম (২৫), সাজ্জাদ হোসেন (৩৫), শিমুল (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার শফিকুল (৩২) ও অজ্ঞাত এক নারী (৩৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সোমবার (৩ জুলাই) বিকেলে কিঁচক ব্রিজ এলাকায় আলু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকে থাকা আলু আনলোড করতে আরও দুটি ট্রাক নিয়ে এসে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। পরে রাতে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাব পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাক দুটির পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের বেপরোয়া গতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আমাদেরকাগজ/এমটি




















