সারাদেশ ২০ জুন, ২০২৩ ১০:৩৮

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ

আমাদের কাগজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের অ্যাপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। জানা যায়, পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে তিন নম্বর ঘাট আপাদত বন্ধ রয়েছে । আজ মঙ্গলবার সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে সোমবার (১৯ জুন) দৌলতদিয়ার চারটি ফেরি ঘাটের মধ্যে তিন ও চার নম্বর ঘাট দুটির র‍্যাম ও অ্যাপ্রোচ সড়কে পানি উঠে যায়। এ সময় ঘাট দুটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র এ তথ্য জানা যায়।  

 

পরে বিআইডব্লিউটিএসহ সড়ক ও জনপথ বিভাগ ঘাট দুটি মেরামত করে। আজ মঙ্গলবার (২০ জুন) সকালে ৪ নম্বর ঘাটটি পুনরায় সচল হয়। তবে পানিতে র‍্যাম তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে গত শনিবার থেকে তিন নম্বর ঘাট বন্ধ আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, পদ্মার পানি বাড়ায় সবকটি ঘাটের র‍্যামের মাথা তলিয়ে গেছে। এ কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‍্যামের লো-ওয়াটার থেকে মিড-ওয়াটার লেভেলে স্থানান্তর শেষে চার নম্বর ঘাটটি সচল হয়েছে। বর্তমানে ৪, ৬ ও ৭ নম্বর ঘাট চালু রয়েছে। তিনি নম্বর ঘাটে সংস্কারের কাজ চলছে। মঙ্গলবার দুপুরের মধ্যে তিন নম্বর ঘাটও চালু হয়ে যাবে।

আমাদেরকাগজ/এমটি