আমাদের কাগজ ডেস্ক: ভোলার চরফ্যাশনে খাল থেকে শিকলে বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই দিন সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কলমি ব্রিজ সংলগ্ন খালের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মানসিক প্রতিবন্ধী ছিলেন ওই নারী। বৃহস্পতিবার (৪ মে) শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নিহত ব্যক্তি উপজেলার দুলারহাট থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলাইমানের স্ত্রী রোকেয়া (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কলমি ব্রিজের দক্ষিণ পাশ সংলগ্ন খালে রোকেয়ার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, কিভাবে ঘটনাটি ঘটে কিংবা কেউ এর সাথে জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।
আমাদের কাগজ/এমটি



















