সারাদেশ ৩০ জুলাই, ২০১৯ ০৬:৩৪

দিনাজপুরে ২৭ ইটভাটা মালিক কারাগারে

হাইকোটের ভুয়া ও জাল আদেশ তৈরি করে ইটভাটা চালানোর অপরাধের মামলায় জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হকসহ ২৭ ইটভাটা মালিককে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা এ আদেশ দেন। 

জেলহাজতে পাঠানো ২৭ জন ও বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৪ জন দিনাজপুর সদর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরল, কাহারোল, পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ, পীরগাছা উপজেলার ইটভাটার মালিক। 

দিনাজপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান,  সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ২৭ আসামি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু ও আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী ও সাধারণ সম্পাদক অ্যাড. তহিদুল হক সরকার। 

উল্লেখ্য, গত ২০ মে হাইকোর্টের নির্দেশে পার্বতীপুর থানায় উপ পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাদী হয়ে গত ২০ জুন পার্বতীপুর থানায় ৩১ জন ইটভাটা মালিককে আসামি করে মামলাটি দায়ের করেন। 
আসামিরা পরষ্পর যোগসাজশে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকার পরও ইটভাটা চালু রাখার দু’টি জাল ও রিটের আদেশ তৈরি করেন। এ ঘটনায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৮(১) ধারায় উৎপাদন, প্রতিপালন না করায় তাদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশে এ মামলা করা হয়।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন