সারাদেশ ১৩ মার্চ, ২০২৩ ০৫:৫৪

বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ফসল রক্ষায় বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত আয়েজন করেছেন স্থানীয় লোকজন। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বড় মাঠে এই বিশেষ মোনাজাত করা হয়। আর এতে অংশ নিয়েছেন প্রায় দুইশতাধিক মানুষ। 

এদিকে মোনাজাতের আগে মাইকিং করা হয় বিভিন্ন গ্রামসহ এলাকার প্রধান প্রধান বাজারগুলোতে।

স্থানীয়রা জানান, পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে সৃষ্ট হয়েছে তীব্র পানির সংকট। নষ্ট হচ্ছে  ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছেন হাওর পারের কৃষকেরা। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা।  এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাতের।

এদিকে একই দিনে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন লম্বাবাঁক গ্রামের মসজিদের ইমাম মাও. ইয়াহিয়া বিন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান ওরফে ময়না মিয়া গণমাধ্যমকে বলেন, এর আগে কখনো এতটা পানি শূন্যতা দেখিনি। তীব্র খরায় আমাদের ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য কয়েক গ্রামের লোকজন মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি।

উল্লেখ্য, অনাবৃষ্টির কারনে ও পানির অভাবে ধানের চারায় মাজরা পোকা নামে একধরনের কীট ধান খেত নষ্ট করছে।

আমাদের কাগজ/এমটি