আমাদের কাগজ ডেস্কঃ অবশেষে সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১২ মার্চ) সকাল ৬ টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাতভর যৌথ বাহিনীর ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের ভাষ্য, আশেপাশের সব জলাশয় শুকিয়ে যায়। শেষ হয়ে আসে কিছু দূরের পুকুর, খাল ও ন্যামসন কন্টেইনার ডিপোর রিজার্ভারও। এমন পরিস্থিতিতে বাড়বকুণ্ড, ভাটিয়ারী ও চট্টগ্রাম সেনানিবাস এলাকা থেকে আগুন নির্বাপণে প্রয়োজনীয় পানির জোগান দয়া হয়।
সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, রোববার ভোরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ধোঁয়া শুধু আছে। আমরা এখনও পানি ছিটাচ্ছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নির্বাপণ হয়ে যাবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির মোট ২২টি ইউনিট কাজ করছে।
এ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী টিম ইউএসএআর (ইউনিট সার্চ অ্যান্ড রেসকিউ টিম)।
আমাদের কাগজ/এমটি



















