সারাদেশ ১১ মার্চ, ২০২৩ ০৭:০৯

৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিট্যাক্স কোম্পানির একটি তুলার গুদামে লাগা আগুন ৮ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর পাশে অবস্থিত ওই তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, গোডাউনটি অনেক বড়। আগুন না ছড়ালেও নির্বাপণ করতে আজ রাত পার হয়ে যেতে পারে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে মনে হচ্ছে।


আমাদেরকাগজ/এইচএম