কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এর ফলে অন্তত আড়াই হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং গৃহহীন হয়েছে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।
রবিবার (৫ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১০ ইউনিটসহ সেনাবাহিনী ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বসতঘরসহ ক্যাম্পের দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়েছে। এদিকে, আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।
আমাদেরকাগজ/এইচএম



















