আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। এদিকে, আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। ভবনটিতে প্রবেশ করে বিস্ফোরণের কারণ খুঁটিয়ে দেখছেন তারা।
জানা যায়, তিনতলা ওই ভবনটি ঘিরে রেখে পুলিশ। বর্তমানে ওই ভবটি থেকে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।
ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ‘বিস্ফোরণ হওয়া ভবনটির আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।’
উল্লেখ্য, আজ সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে সঠিক কারণটি বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে কারণ জানা যাবে।
আমাদের কাগজ/এমটি



















