আমাদের কাগজ ডেস্কঃ চীনা রেলওয়ের রোলিং স্টক করপোরেশন থেকে ১০০টি কোচ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম চালান ৪০টির মধ্যে ৩০টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। পদ্মা সেতুর জন্য চীন থেকে আমদানি করা রেলের আরও ২০টি কোচ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান জানান, চীন থেকে আনা কোচগুলোর মধ্যে তিন দফায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৩০টি কোচ এসেছে। আমরা কোচগুলোকে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি।
কোচগুলো চীনের সিআরআরসি ট্যাংসন কোম্পানির তৈরি। তবে এর অনেক যন্ত্রাংশ জার্মানি ও রোমানিয়া থেকে এসেছে। তবে কোচগুলো জাতীয় পতাকার আদলে লাল-সবুজে রাঙানো।এর আগে ১০টি কোচ এসে পৌঁছায় সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এ নিয়ে ৩০টি কোচ রয়েছে এ কারখানায়।
কারখানার ক্যারেজ সপের প্রধান ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে এসব কোচের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। এরপর এগুলো হস্তান্তর করা হবে রেলের পরিবহন বিভাগের কাছে। পর্যায়ক্রমে পরবর্তী চালানের কোচগুলো ওই কারখানায় চলাচলের জন্য প্রস্তুত করা হবে।
তিনি আরও জানান, চীন থেকে আমদানি করা কোচগুলোর মধ্যে কারখানায় এ পর্যন্ত ছয়টি এসি স্লিপার, ১২টি শোভন, ছয়টি এসি চেয়ার, তিনটি পাওয়ার কারসহ ৩০টি কোচ এসেছে।
আমাদের কাগজ/এমটি




















