সারাদেশ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:১৮

কাপ্তাই হ্রদে নৌকাডুবে ২ জনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ডিসির বাংলো এলাকার কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জয়পুরহাটের পাঁচবিবি থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে তীর্থযাত্রায় যান দুজন। সেখান থেকে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা দেখে নৌকায় করে ডিসির বাংলো এলাকার কাপ্তাই হ্রদে যাচ্ছিলেন। ওই নৌকায় আরো ৭০ জন যাত্রী ছিল। নৌকাটি লেকের মাঝ বরাবর যেতে যেতে একটি ডুবন্ত গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই সতীন্দ্র থান মণ্ডল ও মনিকা বর্মণ মারা যান।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তাওহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম