সারাদেশ ২৯ জানুয়ারি, ২০২৩ ০৭:৪৪

মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : মায়ের সাথে পিঠা খাওয়া নিয়ে অভিমান করে নববিবাহিত রাব্বি ফকির জিদ্দি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রাব্বি ফকির জিদ্দি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. হারুন ফকিরের ছেলে। এ ঘটনায় রোববার,২৯ সকালে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

মো. হারুন ফকির জানান, মাত্র ছয় মাস পূর্বে তানজিলা নামের এক মেয়ের সাথে বিয়ে দেন ছেলে জিদ্দিকে। জিদ্দি বাড়ির কাজ করার পাশাপাশি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল শনিবার দুপুরে তানজিলাকে নিয়ে তার মা (জিদ্দির শাশুড়ি) রাজধানী ঢাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। তাদেরকে বাসে তুলে দেন জিদ্দি। সন্ধ্যায় জিদ্দির সঙ্গে তার মা লতা বেগমের পিঠা খাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ির পাশের কলাবাগানে গিয়ে কীটনাশক পান করেন। সে সময় পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় জিদ্দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয় এবং বিকেলে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে লাশ দাফন করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই তারা জিদ্দির বাড়িতে যান এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে