আমাদের কাগজ ডেস্কঃ দুবাইয়ে শিশু পাচারের অভিযোগে এক নারীসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় অপহৃত শিশুকে উদ্ধার করেছেন র্যাব। রোববার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এর আগে শনিবার (২৮ জানুয়ারি) রাত ২টায় চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চট্টগ্রামের হাটহাজারী থানার ফরহাদাবাদের মৃত তোফায়েল আহমদের ছেলে আবু সুফিয়ান রানা (৩১), একই এলাকার আবু সুফিয়ান রানার শারমিন কাওসার হান্না (২২) ও চিপাতলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আসামি নুরুজ্জামান (৫৫)।
ঘটনা সূত্রে সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বড় বোনের সঙ্গে বিয়ে হয় দুবাই প্রবাসী মো. শহিদুল করিমের। বিয়ের পর তার পরিবার জানতে পারে আসলে শহিদুল নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তার বোনকে বিয়ের নামে বিদেশে নিয়ে যায় শহিদুল। পরের শিকার হিসেবে ভুক্তভোগী ছাত্রীকে বেছে নেয়। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী গত ৩ জানুয়ারি সকাল ৯টায় মাদরাসায় যাওয়ার পথে শহীদুল তার সহযোগী সাকিব ও নুরুজ্জামানের সহায়তায় ভুক্তভোগী ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা তিনজনকে আসামি করে ঢাকা মহানগরীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে আবু সুফিয়ান ও শারমিন কাওসার হান্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, রোববার ভোরে হাটহাজারী উপজেলার চিপাতলী এলাকা থেকে আরেক আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টায় সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার একটি বাড়ি থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।
আমাদের কাগজ/এমটি



















