সারাদেশ ২০ নভেম্বর, ২০২২ ০৩:৪৭

পুরো ঢাকা সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে ডিএমপি। সেই সঙ্গে ঢাকার প্রতিটি প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তর থেকে ঢাকার সব বিভাগের ডিসি, থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওয়াকিটকিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেন, ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরতে কাজ শুরু করেছে। অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তাদের মদ্যে আবু সিদ্দিক এবং মঈনুল ইসলামও রয়েছে।


আমাদের কাগজ/ইআ