সারাদেশ ২৮ অক্টোবর, ২০২২ ০৩:০৯

সিত্রাংয়ের প্রভাবে বাড়বে ইলিশের উৎপাদন

জেলা প্রতিনিধি, ভোলা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পাড়ায় উৎপাদন অনেক বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ। ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে মাছ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা।

জানা গেছে, ভোলায় নিবন্ধিত ১ লাখ ৫৮ হাজার ৩৭২ জন জেলেসহ ৩ লাখেরও বেশি জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। ৭-২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা থাকায় জেলেরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছিল। তবে এ সময়ে তারা জাল তৈরি ও নৌকা মেরামতের কাজ করেছেন।  

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এবারের অভিযান সফল করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে বাড়তি বৃষ্টি ও নদীতে ব্যাপক স্রোতসহ নদীর পানির লবণাক্ততা কমে যাওয়ায় মা ইলিশ নদীর মিষ্টি পানিতে এসে ডিম ছেড়েছে। এবার ইলিশের উৎপাদন বাড়বে। 

ভোলায় এবার ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৫ হাজার টন বেশি।

আমাদের কাগজ//জেডআই