সারাদেশ ২৮ জুলাই, ২০১৯ ১১:৫২

ক্লাস ফাঁকি দিতে 'ছেলেধরা' গল্প সাজালো মাদ্রাসাছাত্র

মাদ্রাসার ক্লাস ফাঁকি দেওয়া এক ছাত্র ছেলেধরা গল্প বানিয়ে ফেঁসে গেল। রবিবার সকালের দিকে মেহেরপুরের ময়ামারী গ্রামে এঘটনা ঘটে। আর এ গল্প ফাঁদের নায়ক ময়ামারী গ্রামের উজুল হোসেনের ছেলে শরিফ। সে আমঝুপি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। 

মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন জানান, মাদ্রাসার অনিয়মিত ছাত্র শরিফ। ৪-৫ দিন তাকে ক্লাসে পাওয়া যায়নি। রবিবার সাকালের দিকে শরিফ মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সে ব্লেড দিয়ে তার হাতে হালকা ভাবে আঁচড় দেয়। পরে এক মোটরসাইকেল চালক তাকে রাস্তা থেকে অপহরণ করার চেষ্টা করে বলে তার এক ফুফুকে জানায়। 

এরপর মুহূর্তের মধ্যেই ছেলেধরা গুজব ছড়িয়ে পরে। পরে শরিফকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল হাসপাতালে শরিফের সাথে কথা বলার সময় তার কথাবার্তা ও আচরন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কথা শুনে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ শরিফকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যয়ে ক্লাস ফাঁকি দিতে সে এ গল্প সাজায় বলে জানায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ মুচলেকা নিয়ে শরিফকে তার পিতামাতার হাতে তুলে দেয়।

 


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ