ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডলের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই ঈদগাহ মাঠে জানা শেষে রূপনাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল মজিদ মণ্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার উত্তরার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থ থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন মণ্ডল সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ দলের অন্যান্য নেতারা।



















