নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান বদির সন্তান দাবি করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণ মামলা করেছেন।
গত ১০ ডিসেম্বর কক্সবাজারের সহকারী জজ আদালতে (টেকনাফ) মোহাম্মদ ইসহাক নামের তরুণ এই মামলা করেন। তাঁর দাবির সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনে ডিএনএ টেস্ট করারও আবেদন জানান তিনি। এজাহারে মোহাম্মদ ইসহাক দাবি করেছেন, ১৯৯২ সালে ৫ এপ্রিল কালেমা পড়ে তাঁর মা সুফিয়া খাতুনকে বিয়ে করেন আবদুর রহমান বদি। তাঁদের বিয়ে পড়ান বদির পারিবারিক আবাসিক হোটেল নিরিবিলিতে ওই সময় কর্মরত মৌলভি আবদুস সালাম। বিয়ের সাক্ষী ছিলেন হোটেলের দারোয়ান এখলাছ।
১৯৯৪ সালের মার্চের দিকে সুফিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা জানার পর গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। পরে ৪ এপ্রিল সুফিয়া বেগমকে বদির বাবা এজাহার মিয়া তাঁর বাড়ির মিস্ত্রি মোহাম্মদ ইসলামের সঙ্গে বিয়ে দেন। আগের মৌলভিই এই বিয়ে পড়ান। বিয়ের প্রায় পাঁচ মাসের মাথায় ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর ইসহাকের জন্ম হয় বলে এজাহারে তিনি উল্লেখ করেছেন। তাঁর দাবি, মাকে সঙ্গে নিয়ে তিনি কয়েকবার বদির সঙ্গে দেখা করেছেন। বদি তাঁকে বুকে জড়িয়ে ধরে আদর করেছেন।




















